মর্যাদায় পিছিয়ে শিক্ষকরা, শিকার হচ্ছেন লাঞ্ছনা-হেনস্তার!

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সারা দেশে বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করানোর হিড়িক পড়ে যায়। স্কুল-কলেজের প্রধানদের হেনস্তা, মারধর, এমনকি টেনে চেয়ার থেকে তুলে দপ্তর থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও ছাত্র সমন্বয়করা এই হেনস্তার হাত থেকে শিক্ষকদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ‘মান ও মর্যাদায় দিন দিন পিছিয়ে পড়ছেন আমাদের দেশের শিক্ষকরা।
এখনো প্রাথমিকের সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণির মর্যাদা পান। কম বেতন পেয়ে মানবেতর জীবন যাপন করছেন এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা। কয়েক হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কোনো বেতনই পান না।’ এ অবস্থায় আজ শনিবার পালিত হচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৪’।ইউনেসকো এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এত দিন গুরুত্বপূর্ণ এই দিবসটি আমাদের দেশে পালিত না হলেও গত বছর থেকে তা সরকারিভাবে পালন শুরু হয়। এ বছরও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে সরকার। খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো এবং লাঞ্ছনা-হেনস্তার ঘটনায় সাধারণ শিক্ষকরা আতঙ্কিত।
Previous Post Next Post